৫ লাখের বেশি শরণার্থী গ্রিসে পৌঁছেছে: জাতিসংঘ

আপডেট : ২০ অক্টোবর ২০১৫, ২২:৪৬
 
গত ১০ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পাঁচ লাখের বেশি শরণার্থী গ্রিসে পৌঁছেছে। এই সংখ্যা আরো বাড়ছে। কেবলমাত্র সোমবারই পৌঁছেছে ৮ হাজারের বেশি শরণার্থী। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনএনএইচসিআর এই তথ্য দিয়েছে।
 
এক সংবাদ ব্রিফিংয়ে শরণার্থী সংস্থাটির মুখপাত্র ফ্লেমিং বলেন, 'সোমবার ৮ হাজার শরণার্থী আসায় নতুন একটি মাইল ফলক স্পর্শ করেছি আমরা। গ্রিসে এখন সব মিলিয়ে শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২ হাজার ৫শ’ জন।'
 
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের হিসাবমতে,  মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এবং এশিয়া থেকে সব মিলিয়ে মোট ৬ লাখ ৪৩ হাজারেরও বেশি শরণার্থী এ বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে গেছে। যাত্রাপথে মারা গেছে অন্তত ৩ হাজার ১৩৫ জন। এর মধ্যে অধিকাংশই গ্রিস ও ইটালি দিয়ে ইউরোপে ঢুকেছেন।