এটা আমার জীবনের নতুন অভিজ্ঞতা

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ০২:১৫

প্রতিবছর বিদ্যা সিনহা মীম পূজা উদযাপন করেন ঢাকা অথবা মামার বাড়ি রাজশাহীতে। কিন্তু এবার একটু ভিন্ন স্বাদেই পূজা উদযাপন করছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মীম। আর তাই তিনি এবার পূজা উদযাপনে কলকাতায়। তবে তিনি একা নন, সপরিবারে পূজা উদযাপন করতে কলকাতায় অবস্থান করছেন তিনি।

 
এ প্রসঙ্গে মীম বলেন, ‘জীবনে প্রথমবারের মতো আজ কলকাতার একটি পূজামণ্ডপ ফিতা কেটে উদ্বোধন করলাম। এটা আমার জীবনের নতুন অভিজ্ঞতা। আমি বেশ উচ্ছ্বসিত। আর আমি পূজামণ্ডপ উদ্বোধনের আমন্ত্রণটি পেয়েছি ‘ব্ল্যাক’ শিরোনামের চলচ্চিত্রের প্রযোজক রানা সরকারের মায়ের কাছ থেকে। এ জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’
 

আগামী মাসে কালীপূজায় মুক্তি পাবে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’। ছবিতে অভিনয় করেছেন মীম। পূজার কয়েকটা দিনে ছবির কিছু কাজও করবেন তিনি।  এদিকে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে পূজা উপলক্ষে বেশকিছু অনুষ্ঠানে মীমকে দেখা যাবে। আগামী ২৩ অক্টোবর মীম ঢাকায় ফিরবেন বলে জানান।