স্বয়ংসম্পূর্ণ ফিল্ম সিটি নির্মাণে...

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ০২:২০

চলচ্চিত্রের মন্দাবস্থা কাটাতে মুভি প্রখ্যাত চলচ্চিত্র তারকা ডিপজল এবারে সিনেমা প্রযোজনার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ ফিল্ম সিটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। এরইমধ্যে পরিকল্পনার কাজ অনেক দূর এগিয়ে নিয়েছেন তিনি। ডিপজল বলেন, ‘দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে মন্দাবস্থা বিরাজ করছে। এর অন্যতম কারণ ভালোমানের গল্পের অভাব। যেসব সিনেমা মুক্তি পাচ্ছে, সেগুলোর বেশিরভাগেরই গল্প অত্যন্ত দুর্বল। গল্পের কোনো ধারাবাহিকতা নেই। দর্শক এক সিকোয়েন্সের সাথে আরেক সিকোয়েন্সের কোনো সূত্র ধরতে পারছেন না। এতে তারা বিরক্ত হয়ে উঠছেন।’

তিনি বলেন, ‘দর্শক সিনেমা দেখে না এ কথাটি ঠিক নয়। ভালো গল্প ও সঠিক নির্মাণ কৌশল হলে দর্শক সিনেমা হলে যাবেই। এখন যেসব সিনেমা মুক্তি পাচ্ছে সেগুলো দেখতে দর্শক হলে যাচ্ছে ঠিকই, তবে সেগুলোর মান খারাপ হওয়ায় তাদের মনে এ ধারণা জন্ম নিচ্ছে যে, এখন আর ভালো সিনেমা হয় না। বলা যায়, নিম্নমানের সিনেমা মুক্তি দিয়ে দর্শকদের হল থেকে বের করে দেওয়া হচ্ছে। এজন্য অধিকাংশ নির্মাতাই দায়ী। দর্শক কী ধরনের সিনেমা দেখতে চায়, এ বিষয়টি জানা জরুরি। তা না হলে সিনেমার বাজার উন্নত করা যাবে না।’

ফিল্ম সিটি প্রসঙ্গে ডিপজল বলেন, ‘আমি আমার অবস্থান থেকে উদ্যোগ নিচ্ছি। আমার ফাহিম স্টুডিওকে একটি অত্যাধুনিক ফিল্ম সিটি হিসেবে গড়ে তোলার কার্যক্রম শুরু করেছি। এরইমধ্যে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন একটি ফ্লোর নির্মাণের কাজ শেষ পর্যায়ে।’