ভারতীয় সেনাকে বাড়ি থেকে অপহরণ করলো জঙ্গিরা

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১০:১২

এবার বাড়ি থেকে ভারতীয় সেনাকে তুলে নিয়ে গেল জঙ্গিরা। শুক্রবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বাদগাম জেলায় এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অপহরণের শিকার ওই ভারতীয় সেনার নাম মোহাম্মদ ইয়াসিন ভাট। বাদগামের কাজিপোরা চাদুরাতে তার বাড়ি। ভারতীয় সেনায় রাইফেলম্যান হিসাবে কাজ করেন। 

গত ২৬ ফেব্রুয়ারি এক মাসের ছুটিতে বাড়ি আসেন। শুক্রবার সন্ধ্যা নাগাদ একদল সশস্ত্র জঙ্গিরা বাড়ি হানা দিয়ে তাকে তুলে নিয়ে যায়।

ভারতীয় সেনা করতৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে,  ওই সেনার খোঁজে  ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে। 

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামাতের জঙ্গি হামলায় ৪২ জনের বেশী ভারতীয় জওয়ান নিহত। এ হামলার দায় পাকিস্তান ভিত্তিক জইশ-ই-মোহাম্মদ স্বীকার করে নেয়।

এই হামলার জবাব দিতে পাকিস্তানের সীমানা ভেদ করে ২৬ ফেব্রুয়ারি বালাকোটে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। ভারতের দাবি হামলায় অন্তত ৩০০ জঙ্গি নিহত হয়েছে। তবে ভারতের এমন দাবি প্রত্যাখান করে পাকিস্তান।

এর জবাবে ২৭ ফেব্রুয়ারি ভারতীয় সীমানায় ঢুকে পড়ে পাকিস্তানের যুদ্ধবিমান। এদিনেই ভারতের দুইটি বিমান ভূপাতিত করে পাকিস্তান, আটক করে ভারতীয় পাইলট অভিনন্দনকে। তবে ৫৮ ঘন্টা পর অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তর করে পাকিস্তান।

আরো পড়ুন: জঙ্গিমুক্ত দেশগড়ার অঙ্গীকার ইমরান খানের

এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা একটু কমলেও গতকালের সেনা অপহরণের ঘটনায় নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 

ইত্তেফাক/এসআর