টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী ইজহারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
একই সঙ্গে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
গত ১ সেপ্টেম্বর টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে পদত্যাগ করেন আবদুল লতিফ সিদ্দিকী। গত ৩ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এরপর নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। সে মোতাবেক আগামী ১০ নভেম্বর এখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই আসনের উপনির্বাচনে লড়তে মনোনয়নপত্র দাখিল করেন কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকী। কিন্তু ঋণখেলাপের অভিযোগে গত ১৩ অক্টোবর তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রির্টানিং অফিসার।
এরপর গত ১৬ অক্টোবর শুক্রবার এই দুই নেতা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন। গত রবিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে রায় দেন।
পরে মঙ্গলবার নির্বাচন কমিশনের রায়ের বিরুদ্ধে আপিল করেন কাদের সিদ্দিকী।
