'বাঙালির অসাম্প্রদায়িক চেতনা প্রমাণ করেছে এদেশ সকল ধর্মের মানুষের'

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১৫:০৩


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনা সকল ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যের সেতুবন্ধন হয়ে কাজ করছে। বাংলাদেশ প্রমাণ করেছে এ দেশ সকল ধর্মের সকল মানুষের।

বুধবার রাজধানীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আজ ঢাকার কাওলায় সিভিল এভিয়েশন পূজামন্ডপ, ঢাকেশ্বরী পূজামন্ডপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পূজামন্ডপ এবং রমনা কালিমন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজারি ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি বলেন, অশুভ শক্তি বারবার চিরায়ত এ চেতনা বিনাসীরূপে আভির্ভুত হওয়ার দুর্দান্ত চেষ্টা করেছে। সফল হতে পারেনি। এ দেশের মানুষ এর বিরুদ্ধে প্রতিবার রুখে দাঁড়িয়েছে।

তিনি বলেন, আবহমানকাল থেকেই এ ভুখণ্ডে মুসলিম-হিন্দু-বৌদ্ধ -খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করলেও উৎসব ছিল সকলের।

-বাসস