সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১৫:০৪
সিদ্ধিরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় ও শিমরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার ৩জন যাত্রী ও ২জন চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। 
 
জানা যায়, বুধবার সকালে যাত্রী নিয়ে একটি অটোরিকশা (নং- নারায়ণগঞ্জ-থ-১১-০৪৮৪) ঢাকা যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় পৌছলে পেছন থেকে একটি দ্রুতগামী অজ্ঞাত যানবাহন অটোরিকশাকে ধাক্কা দিলে এটি দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে যায়। এতে ৩ যাত্রীসহ চালকের মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে ৪ জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। 
 
নিহতরা হলো- অটোরিকশা চালক সাগর (২৫), যাত্রী মিন্টু (৪০), দেলোয়ার (৩২) ও আল-আমিন (২২)। এদের সবার বাড়ি রূপগঞ্জ উপজেলায়। 
 
এদিকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় রাস্তা পাড় হতে গিয়ে অজ্ঞাত যানবাহনের চাপায় মমিনুল ইসলাম (৪৫) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত মমিনুলের বাড়ি চুয়াডাঙ্গা চেলার জীবন নগর থানার কাচ্চাকাটি পাড়া এলাকায়। 
 
এছাড়া বুধবার সকাল ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাকে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি বাসের চাপায় মাইন উদ্দিন হাওলাদার (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। পুলিশ ঘাতক বাস (নং ঢাকা-মেট্রো-জ-১৮-০১৭৩) ও বাসের চালক ওসমান গণিকে আটক করেছে।
 
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ জানায়, ৩টি পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।