রাজন হত্যা: ১১ জনের পুনরায় সাক্ষ্য

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১৫:৪৯
 
সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় আবার ১১ জনের সাক্ষ্য নেয়া শুরু হয়েছে। বুধবার সিলেট মহানগর দায়রা জজ আদালতে দুপুর ১২টা থেকে সাক্ষ্য নেওয়া শুরু হয়।
 
সরকারি কৌঁসুলি (পিপি) মফুর জানান, আদালতে প্রধান আসামি কামরুল ইসলাম উপস্থিতিতে পুনরায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
 
মঙ্গলবার আসামি পক্ষের আইনজীবীরা মামলার ৩৮ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের পুনরায় সাক্ষ্যগ্রহণের জন্য আবার নেয়ার আবেদন করেন। আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের বিষয়টি মঞ্জুর করেন। এই ১১জন সাক্ষীর মধ্যে আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া দুই বিচারিক হাকিম, বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্যসহ রাজনের বাবা, মা ও এক চাচা রয়েছেন।
 
গত ৮ জুলাই চুরির মিথ্যা অপবাদ দিয়ে সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড-সংলগ্ন শেখপাড়ায় রাজনকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। তার লাশ গুম করার সময় ধরা পড়েন একজন। এই হত্যাকাণ্ডের মূল হোতা বলে অভিযোগ ওঠা কামরুল ইসলাম পালিয়ে সৌদি আরব চলে যান। পরে ইন্টারপোলের সহায়তায় তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।