লাদেন হত্যা অভিযানের বিরোধিতা করিনি: বাইডেন

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১৭:৩২
 
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন হত্যার অভিযানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থন জানিয়েছিলেন বলে দাবি করেছেন। সেসময়ে ধারণা প্রচলিত ছিল যে, ওই অভিযানের বিরুদ্ধে ছিলেন বাইডেন। তিনি নিজেও এমনটাই বলে আসছিলেন। কিন্তু মঙ্গলবার জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বিপরীত কথা বলেছেন তিনি।
 
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে ডেমক্রেটিক পার্টির মনোনয়ন চাওয়ার বিষয়টি বিবেচনা করছেন বাইডেন। এ পর্যায়ে লাদেন অভিযানের ভূমিকা নিয়ে সম্ভাব্য সমালোচনা এড়াতেই তিনি নতুন দাবি করছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে বাইডেন জানিয়েছিলেন, বিন লাদেন পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদের ওই বাড়িতে রয়েছেন কিনা তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযানের অনুমতি না দিতে প্রেসিডেন্ট বারাক ওবামাকে পরামর্শ দিয়েছিলেন তিনি। 
 
ওবামাও জানিয়েছিলেন, বাইডেন অভিযান চালানোর পক্ষে ছিলেন না। কিন্তু ওবামা অভিযান চালানোর অনুমতি দিয়েছিলেন এবং বিন লাদেনকে সেখানে পাওয়া গিয়েছিল। ২০১১ সালে চালানো ওই অভিযানে যুক্তরাষ্ট্রের নেভি সিল কমান্ডোদের গুলিতে নিহত হন বিন লাদেন। মঙ্গলবার বাইডেন দাবি করেছেন, ব্যক্তিগতভাবে তিনি প্রেসিডেন্টকে এগিয়ে যাওয়ার পরামর্শই দিয়েছিলেন। 
 
তিনি বলেন, '(বৈঠকের পর) আমরা রুম ছেড়ে বের হয়ে উপরে ওঠার সময় সিঁড়িতে প্রেসিডেন্টকে আমার মতামত জানাই, বলি- আমাদের মনে হয় এগিয়ে যাওয়া উচিত। তবে এক্ষেত্রে তার নিজস্ব বিবেচনাকেই অনুসরণ করা উচিত। শেষ পর্যন্ত আমি কী ভাবছি উপরে উঠার আগ পর্যন্ত তাকে বলা হয়নি।' 
 
লাদেন অভিযানকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট ওবামার পররাষ্ট্রনীতির অন্যতম শীর্ষ সাফল্য হিসাবে বিবেচনা করা হয়। ওই সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হিলারি ক্লিনটন। তিনি ২০১৬ সালে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেটিক পার্টির মনোনয়ন দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। বিভিন্ন প্রচারণায় লাদেন অভিযানে তিনি সমর্থন দিয়েছিলেন বলে জোরালোভাবে তুলে ধরছেন। সূত্র: রয়টার্স