অর্থ আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন সিঙ্গাপুরের সবচেয়ে বড় চার্চের ছয় নেতা। দেশটির একটি আদালত এ রায় দেয়। খবর বিবিসির।
রায়ে বিচারক বলেন, সিটি হার্ভেস্ট চার্চের যাজক কং হি এবং চার্চের আর্থিক বিষয় তদারকির কাজে নিয়োজিত কর্মকর্তারা মিলে ভবন নির্মাণ খাত থেকে ২৪ মিলিয়ন ডলার নিয়ে কংয়ের স্ত্রী সান হোর মিউজিক ক্যারিয়ারের উত্তোরণ ঘটাতে ব্যবহার করেন। এ ছাড়া, ২৬ মিলিয়ন ডলার এই ব্যাংক হিসাব গোপন রাখার কাজে ব্যয় করেন তারা। অর্থাত্, মোট ৫০ মিলিয়ন ডলার তারা হাতিয়ে নিয়েছেন বলে সরকারি আইনজীবী জানিয়েছেন। তবে শাস্তি না হওয়া পর্যন্ত তাদেরকে জামিনে রাখা হয়েছে। তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ দিকে, আসামিরা যুক্তি দেখিয়ে বলেন—হো ধর্মপ্রচার সংক্রান্ত গান করেছেন। তারা মনে করেন—এ সব গান অন্যান্য ধর্মের মানুষদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করার একটি উপায় হবে। তবে এ ঘটনায় সান হোকে অভিযুক্ত করা হয়নি।
ও দিকে, চার্চের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে হো জানিয়েছেন—এ রায়ে তিনি হতাশ হয়েছেন। এ ছাড়া, ছয়জন আবারো আইনি সহায়তা নেবেন।
