জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে খালেদা জিয়া বার বার অসুস্থ হচ্ছেন: নজরুল ইসলাম খান

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ০০:০৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ক্ষমতাসীনরা প্রতিযোগিতায় ভয় পায়। তাই বিএনপির নেতাকর্মীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে আরো একটি ৫ জানুয়ারির মত প্রহসনমূলক নির্বাচন করার ষড়যন্ত্র করছে। নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে আদালত মিথ্যা মামলায় অভিযুক্ত করেছে। তিনি বলেন, দেশে বর্তমান কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্রের পরিবর্তে চলছে স্বৈরতন্ত্র। জনগণের জীবনে কোনো নিরাপত্তা নেই। জনগণের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করার ফলেই বেগম জিয়া বার বার অসুস্থ হচ্ছেন। বেগম জিয়ার সঙ্গে আমাদের প্রতিদিনই যোগাযোগ হচ্ছে। আর খালেদা জিয়ার সিদ্ধান্ত নিয়েই আমরা দল পরিচালনা করছি। কিন্তু আমাদের কার্যক্রমকে ক্ষমতাসীনরা অবৈধভাবে বাধাগ্রস্ত করছে। তাই সরকারের এসব কার্যক্রমকে হতাশ করতে খুব শিগগির দেশে ফিরছেন তিনি।

 

গতকাল বুধবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের নিচে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্রমিক দল এ মিলাদ মাহফিলের আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ এসময় শ্রমিক দলের নেতারা উপস্থিত ছিলেন।