নওগাঁয় পত্নীতলায় ১৫৯২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মো. ডালিম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয়। মো. ডালিম উপজেলার ভোলাদিঘী গ্রামের এনামুল হকের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন সিকদার জানান, ভারত থেকে ধামইরহাট উপজেলা সীমান্ত দিয়ে একটি বড় মাদকের চালান দেশে এসেছে। মাদকগুলো পত্নীতলার মধ্যে দিয়ে সাপাহারে নিয়ে যাওয়া হবে। এমন তথ্যের ভিত্তিতে পত্নীতলা উপজেলার মালদিঘী বাজার এলাকায় তল্লাশি করে র্যাব।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ফেলে ৩ মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও মো. ডালিমকে আটক করা সম্ভব হয়েছে। পরে সেখান থেকে চারটি বস্তায় ১৫৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পলাতক মাদক ব্যবসায়ীদের আটক করার চেষ্টা চলচ্ছে। এ ঘটনায় পত্নীতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।
