অভিনয়ে আসছেন শাহরুখ তনয় আরিয়ান?

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ১১:৩০
 
বাবা শাহরুখ খান বলিউডের বাদশা। তার ছেলে আরিয়ান খান সোশ্যাল মিডিয়ায় শিরোনামে থাকতেই পছন্দ করেন। কখনো বাবার মতো সিক্স প্যাক অ্যাব তৈরি করেন। কখনো বা অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাভেলি নন্দার সঙ্গে বিশেষ বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে পেজ থ্রি-তে জায়গা করে নেন। এবার আরিয়ানের নতুন লুক উঠে এসেছে চর্চায়।
 
সম্প্রতি আরিয়ানের লেদার জ্যাকেট পরা একটি ছবি নিয়ে জোর আলোচনা চলছে ওয়েব দুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, চোখে ঘন কাজল পরে রয়েছেন তিনি। আর এই স্টাইলে বেশ মানিয়েছে শাহরুখপুত্রকে।
 
বলিউডে জোর গুঞ্জন চলছে, তবে কি বাবার মতোই অভিনয়ে আসতে চলেছেন তিনি? তারই আগাম প্রচারের জন্যই কি নতুন লুকের ছবি শেয়ার করেছেন আরিয়ান? যদিও এই প্রশ্নের সদুত্তর এখনো পাওয়া যায়নি। তবে বলিউডের একাংশ মনে করছেন, ভবিষ্যতে শাহরুখের মতোই অভিনয়কেই পেশা হিসেবে নেবেন আরিয়ান। এটা তারই আগাম ইঙ্গিত। খবর: আনন্দবাজার।