আগামীকাল শুক্রবার ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুগল ডেভেলপার্স ফেস্টিভাল বা ডেভফেস্ট। গুগলের পৃষ্ঠপোষকতায় ডেভফেস্টের আয়োজন করছে গুগল ডেভেলপার্স গ্রুপ (জিডিজি) বাংলা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় (ডিআইইউ)।
ধানমন্ডির সোবহানবাগের প্রিন্স প্লাজায় ডেভফেস্ট শুরু হবে সকাল নয়টায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডিআইইউ এর চেয়াম্যান সবুর খান, উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম, গুগলের কান্ট্রি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট খান মুহাম্মদ আনুয়ারুস সালামসহ বিশিষ্টজনেরা।
ডেভফেস্টে দুটি প্রধান সেশন থাকবে। ‘বাংলা কম্পিউটিং’ শিরোনামে একটি সেশন শুরু হবে বেলা ১১টা থেকে। এতে অন্যান্যদের মধ্যে আলোচনা করবেন আনন্দ মাল্টিমিডিয়ার মোস্তাফা জব্বার, ডিআইইউ এর কম্পিটার বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও ডেভফেস্ট আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতার হোসাইন, গুগলের কান্ট্রি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট খান মুহাম্মদ আনুয়ারুস সালাম, এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী আশরাফ আবীর।
বিকেল চারটায় শুরু হবে ‘আমরাই বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ সেমিনার। এতে আলোচনা করবেন সফল তারুন্যের প্রতিনিধিরা। এই সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসিসের সভাপতি শামীম আহসান। আলোচনা করবেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান, গ্রামীণফোনের হেড অব ইন্টারনাল কমিউনিকেশনস্ খায়রুল বাশার ও গিকি সোস্যালের সহ–প্রতিষ্ঠাতা। নিবন্ধন ও বিস্তারিত: www.gdgbangla.com ঠিকানায়।
