শিবসেনার লক্ষ্য এবার পাকিস্তানি অভিনয়শিল্পীরা

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ১৯:৩২
পাকিস্তানি কিংবদন্তি গজল শিল্পী গুলাম আলির সঙ্গীতানুষ্ঠান  ভেস্তে দিয়েছিল শিবসেনা। প্রাক্তন পাক বিদেশমন্ত্রীর গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান ঘিরে আয়োজক সুধীন্দ্র কুলকার্নির গায়ে কালি ছিটানোর পরে এবার তাদের লক্ষ্য পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীরা। 
 
বলিউডে পাকিস্তানি অভিনেতা বা সঙ্গীত শিল্পীদের কাজ দেওয়া যাবে না বলে ঘোষণা দিয়েছে শিবসেনার চলচ্চিত্র শাখা চিত্রপট সেনা ।  এবার তাদের আক্রমণের লক্ষ্য ফাওয়াদ খান ও মাহিরা কান। চিত্রপট সেনার মহাসচিব অক্ষয় বরদাপুরকর জানিয়েছেন, মহারাষ্ট্রর মাটিতে পাক অভিনেতা, ক্রিকেটার বা শিল্পীদের পা রাখতে দেওয়া হবে না। তিনি আরও জানিয়েছেন, 'রইস' সিনেমার অভিনেত্রী মাহিরা ও 'ইয়ে দিল হ্যায় মুশকিল'-এর অভিনেতা ফাওয়াদ খানকে মহারাষ্ট্রে সিনেমার প্রচার করতে দেওয়া হবে না। রণবীর কাপূরের  আগামী সিনেমা 'ইয়ে দিল হ্যায় মুশকিল'-এ ফাওয়াদকে বড়পর্দায় দেখা যাবে। অন্যদিকে, 'রইস' সিনেমায় শাহরুখের বিপরীতে রয়েছেন মাহিলা। সিনেমা দুটির মুক্তির আগেই মাহিরা ও ফাওয়াদের বিরোধিতায় সরব হল শিবসেনা।
 
শিবসেনা হুমকির সুরে পাক শিল্পীদের মহারাষ্ট্রে পা না দিতে বলেছে। বলিউডের বেশ কয়েক জন প্রভাবশালী পরিচালক, প্রযোজক এবং অভিনেতা ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলকে চিঠি দিয়ে চিত্রপট সেনা পাক শিল্পীদের বয়কট করার দাবি জানিয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই মুম্বাইয়ে বিসিসিআইয়ের দফতরে গিয়ে বিক্ষোভ দেখায় শিবসেনা। তাদের এই বিক্ষোভের কারণে পিসিবির প্রধানের সঙ্গে বিসিসিআই সভাপতির বৈঠক ভেস্তে যায়। বিক্ষোভের জেরে পাক আম্পায়ার আলিম দারকে মুম্বাইয়ে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ থেকে সরিয়েও নেওয়া হয়েছে। দ্য হিন্দু।