কুমিল্লায় যৌতুক না পেয়ে স্ত্রীর দুই কান কর্তন, মামলা

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ২০:৩৫
কুমিল্লার মুরাদনগর উপজেলায় যৌতুক না পেয়ে ধারাল ছোড়া দিয়ে স্ত্রীর দুই কান কেটে নিয়েছে স্বামী। বৃহস্পতিবার এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত পাঁচ বছর আগে উপজেলার ফুলঘর গ্রামের মৃত মোতালেব হোসেনের মেয়ে তানজিনা আক্তারের সঙ্গে একই উপজেলার ডালপা গ্রামের কামাল মুন্সীর ছেলে জালাল উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় তানজিনার উপর নির্যাতন চালায় তার স্বামী ও পরিবারের লোকজন। এরই ধারাবাহিকতায় জালাল সোমবার স্ত্রীর হাত-পা বেঁধে ধারালো ছোড়া দিয়ে দুই কান কেটে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করায়।
 
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুকের উপস্থিতিতে স্থানীয়রা জালালকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে তানজীনার চাচা বাদশা মিয়া বাদী হয়ে জালালসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।
 
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় জালাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।