এই সময়ে বাংলা চলচ্চিত্রের পরিচিত নায়িকা মৌসুমী হামিদ। লাক্স চ্যানেল আই তারকা মৌসুমী ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও নিজের অবস্থানকে ধরে রেখেছেন নিজ অভিনয় প্রতিভার গুণে। তবে তিনি এখন বড়পর্দার অভিনয় নিয়েই বেশি ব্যস্ত রেখেছেন নিজেকে।
এ বিষয়ে মৌসুমী জানান, ‘ছোট-বড় সব পর্দাতেই আমি সাবলীল। তবে এখন নিজেকে বড়পর্দার অভিনয়েই বেশি ব্যস্ত রাখছি।’ সামনে তার নতুন চলচ্চিত্রের কাজ প্রসঙ্গে তিনি জানান, ‘১ নভেম্বরে শুরু হচ্ছে এইচ আর হাবিব পরিচালিত ‘শেষ প্রহর ’ শিরোনামের নতুন চলচ্চিত্রের কাজ। চলচ্চিত্রটিতে আমার সাথে অভিনয় করবেন শিমুল খান, ডন ভাই, প্রিয়া’সহ অনেকে।’
নিজের কাজের মাধ্যম প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আমার কাছে মাধ্যমটা বড় কিছু নয়। কাজটাই বড়। আমি আমার নিজের অভিনয়ের মেধা যেকোনো মাধ্যমেই দেখাতে পারি। শুধু সিনেমা বা শুধু নাটক করেই তা আমার প্রমাণ করতে হবে এর কোনো মানে নেই! ওই যে কথায় আছে না, কাজ না পারলে মাধ্যমের উঠোন বাঁকা বলে লাভ কী?’
চলচ্চিত্রের পাশাপাশি অন্যান্য কাজের ব্যস্ততা প্রসঙ্গে মৌসুমী জানান, ‘চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টুকটাক কিছু কাজ করছি। এর মধ্যে বিবিসি-তে ‘উজান গাঙ্গের নাইয়া’ শিরোনামের একটি জনসচেতনতামূলক প্রোগ্রামে কাজ করবো।’
