আইএস বন্দিশালা থেকে ৭০ জনকে উদ্ধার

আপডেট : ২৩ অক্টোবর ২০১৫, ১৪:৫২
উত্তর ইরাকের হাউয়িজা শহরের কাছে ইসলামিক স্টেটের (আইএস) বন্দিশিবিরে অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইরাকের যৌথবাহিনী ৭০ জনকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার ভোরে চালানো এই অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক সদস্যও নিহত হয়েছেন বলে পেন্টাগন জানিয়েছে। খবর বিবিসির।
 
যুক্তরাষ্ট্রের সামরিক সদরদপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ইরাকের হাউইজায় আইএসের বন্দিশালায় অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার করার সময় এক মার্কিন সেনা এবং আইএসের এক জঙ্গি নিহত হয়েছে।
 
বিবৃতিতে আরও বলা হয়, জিম্মিদের গণশিরচ্ছেদ করা হবে- এমন তথ্য পেয়ে পরিকল্পনা করে বন্দিশালায় অভিযান চালানো হয়।
পেন্টাগানের মুখপাত্র পিটার কুক বলেন, 'মুক্ত হওয়া জিম্মিদের মধ্যে ২০ জন ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তবে তাদের মধ্যে কয়েকজন বেসামরিক সাধারণ লোকও আছে।'
 
কুক জানান, যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার নিয়ে পেশমার্গার যোদ্ধাদের সহযোগিতায় আইএসের বন্দিশালায় অভিযান চালানো হয়।
 
২০১৪ সালে আইএস-বিরোধী অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের কোনো সেনা এই প্রথম ইরাকে নিহত হলো।