লন্ডনের কেন্দ্রে ভারতীয় দূতাবাসের বাইরে শিখদের বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে ২০ জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
শিখ সংগঠন ‘শিখ লিভস ম্যাটার’-এর আহ্বানে শত শত বিক্ষোভকারী দূতাবাসের সামনে জড়ো হয়। সচেতনতা সৃষ্টি এবং ভারতীয় কর্তৃপক্ষের কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগে এ বিক্ষোভের ডাক দেয় যুক্তরাজ্যে বসবাসরত পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের লোজনজন।
শিখরা জানান—তারা শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ সভা করছিলেন। কিন্তু পুলিশ তাদের ওপর চড়াও হয়। বিক্ষোভ সহিংস রূপ নিলে পুলিশ ওই এলাকা ঘেরাও করে ফেলে।
এ নিয়ে মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে—তারা বিক্ষোভের পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন। বিক্ষোভটি প্রথমদিকে শান্তিপূর্ণই ছিল। পরে বিক্ষোভকারীরা আলডিচের রাস্তা বন্ধ করে দেয়। ফলে মধ্য লন্ডনে যাতায়াতে ব্যাপক বিঘ্ন ঘটে।
বিবৃতিতে আরো বলা হয়—তাদের বিঘ্ন না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে বলা হয়। এ ছাড়া, ওই এলাকায় আরো পুলিশ মোতায়েন করা হলে, তাদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। এতে এক পুলিশ সদস্য মাথায় আঘাত পান। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
এ ঘটনায় ২০ জনকে আটক করেছে পুলিশ।
