গতকাল চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জয়ী ইনিংস খেলায় ব্যাটসম্যান বিরাট কোহলিকে প্রশংসায় ভাসালেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে ১৩৮ রানের ঝলঝলে ইনিংস খেলেন কোহলি। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৫ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ এ সমতায় ফিরেছে ধোনির দল।
কোহলির প্রশংসা করে ধোনি বলেন, তার ইনিংসটি ছিলো অসাধারণ। সে সব সময় বড় ইনিংস খেলতে চায়। কারণ তার মস্তিষ্কে বড় ইনিংস খেলার বিষয়টি সেট হয়ে গেছে। ২-১ ব্যবধানে পিছিয়ে থেকেই সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামে ভারত। চেন্নাইয়ে ম্যাচটি ছিলো ভারতের জন্য বাঁচা-মরার লড়াই। জিতলে সিরিজ জয়ের আশা বেঁচে থাকবে। আর হেরে সিরিজ জয়ের আশা শেষ হয়ে যাবে। সেই সমীকরণের ম্যাচে ভারতকে রক্ষা করেন বিরাট কোহলি। ৩৫ রানের মধ্যে দুই ওপেনারের পতনের পরে ক্রিজে আসেন কোহলি। কারণ সিরিজের প্রথম তিন ম্যাচে যথাক্রমে ১১, ১২ ও ৭৭ রান করায় তার সমালোচনাও হচ্ছিল অনেক। তার সেঞ্চুরিতেই ২৯৯ রান করে ভারত। ৬টি চার ও ৫টি ছক্কায় ১৪০ বলে ১৩৮ রানের ইনিংসটি সাজান কোহলি। বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ৫৪ রান আসে কোহলির ব্যাট থেকে। এছাড়া ৬৬টি সিঙ্গেলসও খেলেছেন তিনি। বোলারদের নৈপুণ্যে ম্যাচটা ৩৫ রানে জিতে ভারত। তাই কোহলিকে প্রশংসায় ভাসালেন তিনি, কোহলি এমন একজন খেলোয়াড়, সে প্রতি ম্যাচের নিজের উন্নতি করে। ৬০ বা ৭০ রানের পৌঁছে গেলে, বড় ইনিংস খেলার চেষ্টা করে। মাঝারি ইনিংসগুলোকে শতরানে নিয়ে যায় কোহলি। সে ৫০ থেকে ৬০ এবং ১০০ থেকে ১১০ রান যেভাবে অতিক্রম করে, সেটা অনেকেই পারে না। অধিকাংশ ব্যাটসম্যান ঐ অবস্থায় আউট হয়।
চতুর্থ ওয়ানডেতে কোহলির সিঙ্গেলসের প্রশংসাও করলেন ধোনি, ‘সে দারুণভাবে তার স্ট্রাইক বদল করেছে। অনেকগুলো সিঙ্গেলস নিয়েছে। যখন তুমি বড় ইনিংস খেলবে, তখন এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মাঝের ওভারগুলোতে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টির ক্ষেত্রেও সিঙ্গেলসগুলো অনেক কার্যকর।
শুধুমাত্র কোহলিই নন, ধোনির প্রশংসার তালিকায় ছিলেন অফ-স্পিনার হরভজন সিংও। ম্যাচে ৫০ রানে ২ উইকেট শিকার করেছেন তিনি। গুরুত্বপূর্ণ সময় দু’টি উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উপর চাপ সৃষ্টিতে বড় অবদান রাখেন হরভজন। তাই হরভজনের প্রশংসা করে ধোনি বলেন, আমাদের স্পিনাররা দারুন বল করেছে। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টির বড় ভূমিকা ছিলো তাদের। পাওয়ার-প্লে এবং শেষের দিকে ভালো বল করেছে হরভজন। এমনকি ইনিংসের মাঝেও ভালো করেছে। সে খুবই অভিজ্ঞ বোলার। আইপিএলে তার বোলিং ছিলো দারুণ। ঐ অভিজ্ঞতাটা আন্তর্জাতিক ক্ষেত্রে ভালো কাজে লাগছে। রবিচন্দ্র অশ্বিনের না থাকার অভাব বুঝতে দিচ্ছে না হরভজন। বাসস।
