বাংলাদেশি চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী নায়ক রাজ রাজ্জাক ডাক্তারের পরামর্শে এখন বিশ্রামে আছেন। পারিবারিক সিদ্ধান্তে এখন আপাতত অভিনয় থেকে বিরত আছেন তিনি। যে কারণে ঘরে বসেই সময় কাটছে তার। তবে ঘরে বসে থাকতে থাকতে যেন একঘেয়ে না হয়ে ওঠেন এ কারণে পরিবারের অন্যান্য সদস্যরা মিলে নায়ক রাজকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
গত ২২ অক্টোবর সকাল আটটার ফ্লাইটে রাজ্জাক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানে চড়ে যশোরে মেয়ের (ময়না) জামাতা এয়ার কমোডর শফির বাড়িতে যান। বিমানে ওঠার বিশ মিনিট আগে নায়ক রাজের সঙ্গে কথা হওয়ার সময় তিনি বলেন, ‘ডা. আদনানের পরামর্শ নিয়েই আমি যশোরে বেড়াতে যাচ্ছি। ডাক্তার বলেছেন আমি বিমানে চড়ে যশোর যেতে পারবো। তাই পরিবারের সবাইকে নিয়েই সেখানে বেড়াতে যাচ্ছি। সবাই দোয়া করবেন যেন আমি সবসময় সুস্থ থাকি, ভালো থাকি।’
নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে তার স্ত্রী, দুই ছেলে বাপ্পারাজ, সম্রাট, তাদের স্ত্রী, সন্তানসহ বেশ কয়েকজনই রয়েছেন। যশোরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পাশাপাশি নায়ক রাজ নিরিবিলি সময় কাটাবেন সেখানে। শনিবার সবাইকে নিয়ে ঢাকায় ফেরার কথা নায়ক রাজের। রিয়াজ ও দিতির দ্রুত আরোগ্য কামনা করে নায়ক রাজ বলেন, ‘আমি স্বাধীনতা পদক পাওয়ার পর দিতি এবং রিয়াজ দু’জনই আমাকে শুভেচ্ছা জানাতে এসেছিল। আমার প্রতি সবসময়ই তাদের ভালোবাসা মুগ্ধ করে। আল্লাহর কাছে প্রার্থনা করি তারা দু’জনই যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।’
