কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চট্টগ্রামে কর্মশালা

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৭:৩৯

‘ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব’ ও ‘ইয়ং বাংলা-টেকহাবে’র আয়োজনে মধ্যম আয়ের জনগোষ্ঠী তৈরি করে ডিজিটাল বাংলাদেশ ২০২১–এর লক্ষ্যমাত্রা অর্জনে আমেরিকান কোম্পানি অগমেডিক্স বাংলাদেশ লিমিটেড কর্মসংস্থানের লক্ষ্যে ৮ মার্চ চট্টগ্রামে একটি কর্মশালা পরিচালনা করে। এই কর্মশালায় তিনটি সেশনে দুই শতাধিক গ্র্যাজুয়েট ও প্রফেশনালগন অংশগ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক গুগল গ্লাস স্টার্টআপ ও স্বাস্থ্যসেবা মাল্টিন্যাশনাল কোম্পানি  অগমেডিক্স এই বছর সারা বাংলাদেশ থেকে ৫০০ জন স্ক্রাইব নিয়োগ করবে। যারা বাংলাদেশে বসে মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে চাকরি করার সুযোগ পাবে।

টেকহাবের প্রধান পরিচালনা কর্মকর্তা-সুলতানা রাজিয়া বলেন, বর্তমানে ৬৪ টি জেলায় টেকহাব রয়েছে, যা নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে সরাসরি ভূমিকা পালন করবে।

ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের ফাউন্ডার সোমেন কানুনগো বলেন, বাংলাদেশের সম্ভাবনা মানেই ঢাকার পরে বন্দর নগরী চট্টগ্রাম। আজকের এই রিক্রুটমেন্ট কর্মশালার মধ্যে দিয়ে চট্টগ্রামের মানুষের জন্য সরাসরি কর্মসংস্থান সৃষ্টি নিয়ে কাজ শুরু করতে পেরে ভাল লাগছে।

অগমেডিক্স বাংলাদেশের এইচ আর এসোসিয়েট তাসভির আহমেদ জানান, অগমেডিক্স এই বছর সারা বাংলাদেশে থেকে ৫০০ জন স্ক্রাইব নিয়োগ করবে, যারা বাংলাদেশে বসে মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে চাকরি করার সুযোগ পাবে। চট্টগ্রামে আজকের সেশন থেকে আমরা ১০০ জনের বেশি নিয়োগ দিতে পারবো বলে আশা করছি।

ইত্তেফাক/জেডএইচ