তিন দেশের তিন উত্সবে ‘নাগরিক’

আপডেট : ২৪ অক্টোবর ২০১৫, ০২:৪১
সিঙ্গাপুর ও কলকাতার পর এবার ঢাকায় নতুন চলচ্চিত্র ও নতুন নির্মাতা উত্সবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নাগরিক’। মুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এ উত্সবে ‘নাগরিক’ ছবিটির প্রদর্শনী হবে আগামী ৩০ অক্টোবর বিকেল ৫টায়।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী খন্দকার মো. জাকির তার গ্র্যাজুয়েট ছবি হিসেবে নির্মাণ করেছেন নাগরিক। ছবিটি এর আগে ২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে প্রদর্শনের জন্য আমন্ত্রণ পায়। নভেম্বর মাসের ১৫ থেকে ২১ তারিখ পশ্চিম বাংলার চলচ্চিত্র কেন্দ্র নন্দনে অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উত্সবটি। এছাড়া সিঙ্গাপুর ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্লাটফর্ম ভিডসিতে বিশ্বব্যাপী প্রদর্শনের জন্য নির্বাচিত হয়।  
 

এ বিষয়ে নির্মাতা সূত্রে জানা যায়, ছবিটির বিষয়বস্তু বাংলাদেশের সমকালীন রাজনৈতিক বাস্তবতা। তৃতীয় বিশ্বের দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতার সময় জনগণের ভয় আর আতঙ্কের চিত্র ফুটে উঠেছে এই স্বল্পদৈর্ঘ্য ছবিটিতে। শুধু তাই নয়, গণমাধ্যমে প্রচারিত হওয়া রাজনৈতিক কর্মসূচির সহিংস চিত্র শিশুমনে যে ছাপ তৈরি করে তা পরবর্তী প্রজন্মের জন্য একটি অশুভ দিক নির্দেশনা। এছাড়া মধ্যবিত্ত জীবনের দাম্পত্য সম্পর্কে নানা সময়ে হানা দেওয়া সন্দেহ আর নাগরিকদের দৈনন্দিন জীবনের গল্প নাগরিক।