মেক্সিকো উপকূলে আঘাত হেনেছে হারিকেন 'প্যাট্রিসিয়া'

আপডেট : ২৪ অক্টোবর ২০১৫, ১০:০৯
মেক্সিকো উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন `প্যাট্রিসিয়া`। হারিকেনের প্রভাবে দেশটির পশ্চিমাঞ্চলে জালিস্কো প্রদেশে ভূমিধসের ঘটনাও ঘটেছে। খবর-বিবিসির।
 
এই হারিকেনের গতিবেগ ঘন্টায় ৩০০ কিলোমিটার। বলা হচ্ছে এটি পশ্চিম গোলার্ধের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এর হারিকেনের তীব্রতা নির্ধারণ করা হয়েছে ‘ক্যাটাগরি ফাইভ।
 
বিশ্ব আবহাওয়া সংস্থার মুখপাত্র ক্লেয়ার নালিস বলছেন, 'এই ঘুর্ণিঝড়ের বাতাসের গতি এতটাই তীব্র যে, তা একটি বিমানকে আকাশে তুলে উড়ন্ত অবস্থায় রেখে দিতে পারে।'
 
যুক্তরাষ্ট্রের হারিকেন সেন্টার বলছে, 'প্যাট্রিসিয়া খুব ভয়ংকর এবং পূর্ব প্রশান্ত মহাসাগর বা আটলান্টিকে এরকম তীব্র মাত্রার ঘূর্ণিঝড়ের নজির আর নেই।'
 
IMG0
 
হারিকেন প্যাট্রিসিয়ার কবলে পড়তে পারে এমন তিনটি রাজ্যে এরই মধ্যে জরুরি অবস্থাও জারি করেছে মেক্সিকো কর্তৃপক্ষ।
আবহাওয়াবিদরা এ ঘূর্ণিঝড়কে ফিলিপাইনের টাইফুন হাইয়ানের সঙ্গে তুলনা করছেন।
 
২০১৩ সালে ওই টাইফুনে ফিলিপাইনে প্রায় সাত হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিল।