ছয় মাসের বিশ্রামে রিয়াজ

আপডেট : ২৪ অক্টোবর ২০১৫, ১২:০৪
হাসপাতাল থেকে শনিবার দুপুরে বাসায় ফেরার কথা রয়েছে চিত্রনায়ক রিয়াজের। টানা পাঁচদিন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। 
 
তবে বাসায় ফেরার পরই শুটিংয়ে অংশ নিতে পারছেন না হৃদরোগে আক্রান্ত এই তারকা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ছয় মাস রিয়াজকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং নিয়ম মেনে চলতে হবে। 
 
গত সোমবার সন্ধ্যায় উত্তরার হৈচৈ শুটিংবাড়িতে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের ইউনিটে হৃদরোগে অসুস্থ হয়ে পড়েন রিয়াজ। বন্ধু ও সহশিল্পী চিত্রনায়ক ফেরদৌস ও অন্যান্যদের সহায়তায় তাকে প্রথমে উত্তরার একটি ক্লিনিক ও পরে অ্যাপোলে হাসপাতালে নেয়া হয়। তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই রাতেই তার হৃৎপিণ্ডে একটা রিং(স্টেন্ট) পরানো হয়। জানা গেছে, অল্প সময়ের ব্যবধানে তার হৃদপিণ্ডে আরেকটি রিং পরাতে হবে।