পুরান ঢাকার হোসাইনী দালানে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার খবর বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাত দিয়ে ইসলামিক স্টেট (আইএস) এর হামলার দায় স্বীকার করার খবরটিও প্রকাশ করা হয়েছে।
'ঢাকায় শিয়াদের ওপর হামলায় নিহত এক' শিরোনামে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে শিয়া মুসলমানদের ওপর বোমা হামলায় এক জন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে বলা হয়, বার্ষিক আশুরা মিছিলের প্রাক্কালে রাজধানীতে জড়ো হওয়া হাজারো মানুষের মধ্যে ঘরে তৈরি কয়েকটি বোমা ছুঁড়ে মারা হয়। বাংলাদেশে শিয়া সম্প্রদায়ের ওপর এটিই প্রথম হামলা বলে সম্প্রদায়টির নেতাদের বরাত দিয়ে জানানো হয়। এছাড়াও পাকিস্তানে শিয়াদের ওপর আত্মঘাতী হামলায় ২২ জন নিহত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে একই রিপোর্টে।
IMG0
ব্রিটেনের প্রভাবশালী আরেক গণমাধ্যম দ্য গার্ডিয়ানও ঢাকায় শিয়াদের ওপর হামলার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। বাংলাদেশে দুই বিদেশি নাগরিক নিহত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে এই হামলার ঘটনা ঘটল বলে গার্ডিয়ান অনলাইনের খবরে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে ক্ষুদ্র শিয়া সম্প্রদায়কে এবারই প্রথম হামলার লক্ষ্যবস্তু করা হল বলে গার্ডিয়ানের পক্ষ থেকেও জানানো হয়েছে।
IMG1
‘বাংলাদেশে আশুরার প্রাক্কালে শিয়াদের ওপর প্রাণঘাতী বিস্ফোরণ` শিরোনামে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে জানানো হয়েছে, পুরান ঢাকায় শিয়া মুসলিমদের ওপর হামলায় ১২ বছরের এক শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো কয়েক ডজন মানুষ। সিরিজ হামলার দায় আইএস স্বীকার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে তারা।
IMG2
ভারতের টাইমস অব ইন্ডিয়া 'বাংলাদেশে শিয়াদের লক্ষ্য করে বোমা হামলায় নিহত ১, আহত কয়েক ডজন' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে পুরান ঢাকার হোসাইনী দালান এলাকায় শিয়া মুসলিমদের মিছিল লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েক ডজন।
হামলার দায় স্বীকার করে আইএস'র বার্তা দেয়ার খবর জানিয়ে পৃথক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স।
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে হোসাইনী দালানে শিয়াদের জমায়েতে পর পর তিনটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে একজন নিহত ও প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
