হোসাইনী দালানের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে গোয়েন্দারা

আপডেট : ২৪ অক্টোবর ২০১৫, ২১:৫৩
 
পুরান ঢাকার হোসাইনী দালানে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনা তদন্তে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সহায়তা করবে বলে আশা করছে পুলিশ।
 
পুলিশের ধারণা, হামলাকারীরা ভেতরেই ছিল। ওই এলাকায় স্থাপন করা সিসি ক্যামেরাগুলোতে হামলার ঘটনা ধরা পড়ার ব্যাপারে আশাবাদী পুলিশ। ইমামবাড়াসহ পুরো হোসাইনী দালান এলাকার ক্যামেরাগুলোর ফুটেজ সংগ্রহ করেছে ঢাকা মহানগর পুলিশ।
 
যেখানে বিস্ফোরণগুলো হয়েছে সেই যায়গাটিও সিসি ক্যামেরার আওতায় বলে জানিয়েছেন ইমামবাড়া ব্যবস্থাপনা কমিটির এক জন সদস্য।
 
দুর্গাপূজা ও আশুরাকে কেন্দ্র করে ওই এলাকায় বেশ কয়েকটি ক্যামেরা বসিয়েছিল পুলিশ। এছাড়াও ইমামবাড়া ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকেও সেখানে ১৬ টি ক্যামেরা লাগানো হয়েছিল। কমিটির দাবি, তাদের লাগানো সবগুলো ক্যামেরাই সচল ছিল।
 
তাজিয়া মিছিলের প্রস্তুতি নেয়ার সময় ওই হামলায় সাজ্জাদ হোসেন নামের এক কিশোর নিহত ও আরো অন্তত ৫০ জন আহত হন। শুক্রবার রাত পৌনে দুইটার দিকে পরপর তিনটি বিস্ফোরণ ঘটানো হয়।