শিয়া সম্প্রদায়ের মিছিলে বোমা হামলার ঘটনার পর যুক্তরাজ্য তাদের সতর্কবার্তা হালনাগাদ করে বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের সাবধানে থাকার নির্দেশ দিয়েছে।
শনিবার হালনাগাদ করে বিদেশিদের ওপর হামলা হতে পারে এমন কথা বলা হয়েছে সতর্কবার্তায়।
এদিকে অস্ট্রেলিয়াও এক সতর্কবার্তায় তাদের সব নাগরিক এবং কর্মীদের সাবধানে থাকতে বলেছে।
এর আগে দুইজন বিদেশি নাগরিকের হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ ভ্রমণে আগেই কয়েকটি বিদেশি রাষ্ট্রের সতর্কবার্তা ছিল।
শনিবার ঘটনাটি ঘটার পরই সেখানকার সিসিটিভি ও বিভিন্ন বেসরকারি টেলিভিশনের ধারণ করা ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এখন পর্যন্ত সন্দেহভাজন হিসাবে তিনজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, তবে এখনো কোন তথ্য জানাতে পারেনি তারা।
পুলিশের পাশাপাশি বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাটির তদন্ত শুরু করেছে।
ঘটনাস্থলে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বে কোন অবহেলা ছিল কি-না সেটি জানতে একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে কয়েকটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, কিছুদিন আগে চট্টগ্রাম থেকে যেসব বোমা উদ্ধার করা হয়েছিল, তার সঙ্গে এই বোমাগুলোর মিল রয়েছে।
-বিবিসি
