রাজধানীর পুরোনো ঢাকায় শিয়া সম্প্রদায়ের মিছিলে বোমা হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রবিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ইইউ’র বাংলাদেশ আবাসিক প্রতিনিধি ও রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু এই নিন্দা জানান।
হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তিনি বলেন, ‘আমি আশা করছি, বাংলাদেশের সরকার এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সর্বশক্তি প্রয়োগ করবে, যাতে সহজেই প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা যায় এবং সুবিচার নিশ্চিত হয়।’
একই সাথে অনাকাঙ্খিত এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।
পিয়েরে মায়াদু বলেন, ‘পবিত্র আশুরার দিনে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে বোমা হামালার ঘটনা নিন্দনীয়। অনাকাঙ্খিত এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং তার স্বজনদের প্রতি দুঃখ ও সমবেদনা প্রকাশ করছি।’
