টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনকে গ্রহণের নির্দেশনা দিয়ে হাই কোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ।
গত বৃহস্পতিবার এই আবেদনটি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেয়া হয়। আগামী মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ঋণখেলাপের অভিযোগে গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এরপর গত ১৬ অক্টোবর শুক্রবার এই দুই নেতা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে রিট আবেদন করেন। শুনানি শেষে ১৮ অক্টোবর হাইকোর্ট কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণে ইসিকে নির্দেশ দেয়।
