কক্সবাজারে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদার এই আদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি মো. শহীদুল্লাহ ওরফে শহীদুল ইসলাম কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের মাতব্বর পাড়ার শামসুল আলমের ছেলে।
জানা গেছে, বিয়ের পর থেকে স্ত্রী এস্তফা বেগমকে নিয়ে শহীদুল্লাহ পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের রব্বাত আলী পাড়ায় আহমদ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। এস্তফার বড় এক বোনও সেখানে বাসা ভাড়া নিয়ে থাকতেন। যৌতুকের দাবিতে স্ত্রীকে প্রায় সময় মারধর করতেন শহীদুল্লাহ। ২০১৪ সালের ২৫ আগস্ট সন্ধ্যার দিকে পুকুর পাড়ে বড় বোনের স্বামীর সঙ্গে এস্তফাকে আলাপ করতে দেখে শহীদুল্লাহ ক্ষিপ্ত হন। ওইদিন রাত ২টার দিকে শ্বাসরোধ করে এস্তফাকে হত্যা করেন তিনি। এ ঘটনার পরদিন পেকুয়ার আরবশাহ বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে পেকুয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে ম্যাজিস্ট্রেট আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
