‘পর্যটনের উন্নয়নে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে’

আপডেট : ২৫ অক্টোবর ২০১৫, ১৭:৫৭
 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘পর্যটনের উন্নয়ন কেবল সরকারের দায়িত্ব নয়, এ বিষয়ে প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসতে হবে। তাহলে বেশি বেশি কর্মসংস্থান তৈরি হবে।’ সিরডাপ মিলনায়তনে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অব বাংলাদেশ আয়োজিত ‘ভিজিট বাংলাদেশ ২০১৬’ শীর্ষক কর্মশালায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 
রাশেদ খান মেনন বলেন, ‘দেশে সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি করে পর্যটন খাত। অন্য কোনো খাতে এত বেশি কর্মসংস্থানের সুযোগ নেই। এ খাতের উন্নয়ন হলে কর্মসংস্থানের অভাব থাকবে না।’
 
২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা ওই লক্ষ্যমাত্রা অর্জনে বিরাট ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাশেদ খান মেনন।
 
ফোরামের সভাপতি নাদিরা কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব খোরশেদ আলম, বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী আকতারুজ্জামান খান কবির প্রমুখ।