‘মুড়ি-মুড়কির মতো ওষুধ-ব্যবসা চলতে পারে না’

আপডেট : ২৫ অক্টোবর ২০১৫, ১৮:০৮
 
ওষুধ শিল্পে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের ওষুধের দোকান কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাজধানীর একটি হোটেলে একটি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মুস্তাফিজুর রহমানকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের অলিতে-গলিতে মুড়ি-মুড়কির দোকানের মতো ওষুধের ব্যবসা চলতে পারে না। সারা দুনিয়ার কোথাও এটা নেই। এতে মানুষের স্বাস্থ্য-ঝুঁকি প্রতিদিনই বাড়ছে। লাইসেন্স যোগাড় করেই যেকেউ ওষুধের দোকান খুলে বসছেন। এটা চলতে দেয়া হবে না। ওষুধ বিক্রির লাইসেন্স নবায়ন না করলে দোকান বন্ধ করে দেয়া হবে।
 
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল ইসলাম, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মুস্তাফিজুর রহমান, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কমান্ডেন্ট জাহাঙ্গীর হোসেন মল্লিক, কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ওয়ান ফার্মার নির্বাহী পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।