ইন্দোনেশিয়ায় কারাওকে পার্লারে আগুন, নিহত ১২

আপডেট : ২৫ অক্টোবর ২০১৫, ১৮:৫৭
ইন্দোনেশিয়ার জনাকীর্ণ একটি কারাওকে পার্লারে অগ্নিকান্ডে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। দেশটির উত্তর সুলায়েসি প্রদেশের রাজধানী মানাদো শহরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।
 
রবিবার স্থানীয় সময় দুপুর একটার দিকে মানাদো শহরের ভিজটা বিল্ডিংয়ে অবস্থিত এই কারাওকে পার্লারে আগুন লাগে। কারাওকে পার্লারে কোনো নির্দিষ্ট গানের মিউজিক নির্ধারণ করে সেটা অনুশীলন ও রেকর্ড করা যায়। যখন আগুন লাগে তখন ব্যক্তিগত রুমে পার্লারের ভোক্তারা এই কাজে ব্যস্ত ছিলেন। কালো ধোয়ায় বিল্ডিং আচ্ছন্ন হওয়ার পরে ভেতরে থাকা মানুষরা জানালা ভেঙ্গে বের হতে থাকেন। কিন্তু মাত্র একটি দরজা থাকা এই বিল্ডিংয়ে বাকিরা আটকে যান। বিবিসি জানিয়েছে. ধোয়ায় নিঃশ্বাস নেওয়ার কারণে বেশির ভাগ মানুষ মারা গেছেন। ১২ জন নিহত হওয়ার পাশাপাশি আরো ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ১২ জনই ইন্দোনেশিয়ান নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে।  প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। তবে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে এই বিষয়ে তদন্ত করা হচ্ছে। বিবিসি।