সিলেট নগরীর আখালিয়ার সাদিকুর রহমান সাদকে হত্যার ঘটনায় গ্রেফতার স্ত্রী সৈয়দা রেখা বেগম (৩৫) পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এর আগে রবিবার ভোরে আখালিয়া নোয়াপাড়া বন্ধন ডি/৭ নং বাসা ও কুমারগাঁও এলাকা থেকে পৃথক অভিযানে সৈয়দা রেখাসহ ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। বাকি গ্রেফতারকৃতরা হলেন, কুমারগাঁও শেখপাড়ার আলী হোসেন (২৫), নবীগঞ্জ উপজেলার শাহবাজপুরের খালিকুজ্জামান লায়েক (৩০), বিয়ানীবাজার কাটরিয়া গ্রামের রেজওয়ান হোসেন (২৪), জেলা সদর উপজেলার মোল্লাগাঁও ফতেপুরের তাজ উদ্দিন (১৬) ও সাদের ছেলে নাদিরুল জামান কমল (১২)।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈয়দা সম্পত্তির লোভে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর নগরীর আখালিয়া নোয়াপাড়া বন্ধন ডি/৭ নং বাড়ির বাসিন্দা সাদিকুর রহমান সাদকে হত্যা করা হয়। এরপর সাদ স্ট্রোকে মারা গেছেন বলে স্ত্রী দাবি করেন। তবে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন।
