ম্যানচেস্টার ডার্বি গোলশূন্য ড্র

আপডেট : ২৫ অক্টোবর ২০১৫, ২২:৪৬
ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টারের দুই ক্লাবের পয়েন্ট টেবিলের শীর্ষে  ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল। ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হওয়ায় শীর্ষে  উঠে গেছে ম্যানচেস্টার সিটি।
  
ঘরের মাঠে ম্যানইউয়ের খেলোয়াড় অ্যান্থনি মার্শাল  বার বার বিপজ্জনক হয়ে বল যোগাচ্ছিলেন মাঝে। তবে গোলমুখে বিপদ তৈরি করতে পারেনি তার সতীর্থরা। অন্যপ্রান্তে বাঁ দিক থেকেই সতীর্থদের বল জুগিয়েছেন ম্যানচেস্টার সিটির রাহিম স্টার্লিং। তবে গোলের সুযোগ তারাও পায়নি। এমনকি প্রথমার্ধে কোনো দলই গোলে কোনো শট নিতে পারেনি। এবারের প্রিমিয়ার লিগে এটা দ্বিতীয় ঘটনা। এর আগে ইউনাইটেড-লিভারপুল ম্যাচেও এমনটা দেখা গেছে। ত্রয়োদশ মিনিটে পায়ে প্রথম বল পেয়েই বিপজ্জনকভাবে বাঁ দিক থেকে এগিয়ে গিয়েছিলেন স্টার্লিং। তবে ১২ গজ দূর থেকে তার শট ফিরিয়ে দেন ইউনাইটেডের ডিফেন্ডাররা।বিরতির আগে ডি-বক্সে বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন সিটির ইয়া ইয়া তুরে।
 
IMG0
 
বিরতির পর আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠে খেলা। তবে গোলের বেশিরভাগ পরিষ্কার সুযোগ তৈরি করে স্বাগতিকরাই। ৫১তম মিনিটে ইউনাইটেডের ক্রিস স্মলিংয়ের হেড থেকে ঠিক গোলের সামনে পড়ে। দরকার ছিল খালি একটা টোকার। কিন্তু ফরাসি মিডফিল্ডার মর্গান স্নিদেলা বলে পা লাগাতে পারেননি। ৮৪তম মিনিটে দারুণ একটি আক্রমণ থেকে গোল প্রায় পেয়েই গিয়েছিল লুই ফন গালের দল। মাথার ওপর দিয়ে মার্শালের কাছ থেকে আসা লম্বা পাসে দারুণ দক্ষতায় পা লাগিয়েছিলেন ইংলিশ মিডফিল্ডার জেসি লিংগার্ড। বল গোলরক্ষক জো হার্টকে ফাঁকি দিলেও লাগে ক্রসবারে। চার মিনিট পর দারুণ দক্ষতায় হার্ট নিজেই রক্ষা করেন সিটিকে। মারোয়ান ফেলাইনি হেড দিয়ে বল নামালে শট নেন স্মলিং। হার্ট কোনোমতে বাঁ দিকে ঝাপিয়ে গোল ঠেকান। ড্র ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে আর্সেনালকে পেছনে ফেলে শীর্ষে উঠে সিটি। দুই দলেরই পয়েন্ট ১০ ম্যাচে ২২, গোল ব্যবধানে শীর্ষে উঠে গেল ম্যানচেস্টার সিটি। গোল ডটকম।