মধ্যপ্রাচ্যের বৃহত্ অর্থনীতির দেশ সৌদি আরব আগামী ৫ বছরের মধ্যে আর্থিক সংকটে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ার পাশাপাশি ইয়েমেনে ব্যয়বহুল যুদ্ধ শুরু করার কারণে অর্থনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে দেশটি। সংস্থাটির ‘মিডলইস্ট ইকোনমিক আউটলুক’ এর বরাত দিয়ে ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছর সৌদি আরবের বাজেট ঘাটতি ২১ দশমিক ৬ শতাংশে দাঁড়াতে পারে। আর আগামী বছর এর পরিমাণ হতে পারে ১৯ দশমিক ৪ শতাংশ। এতে ব্যয়ের সংস্থান করার জন্য আরও বেশি অর্থ প্রয়োজন হবে সৌদি আরবের। অথচ বিশ্ব বাজারে তেলের দাম কমার ফলে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে শুরু করেছে। তেলের দাম কমতে শুরু করার পর থেকে (জানুয়ারি থেকে আগস্ট) সৌদি আরবের রিজার্ভের পরিমাণ কমেছে ৮২ বিলিয়ন (আট হাজার ২০০ কোটি) ডলার।
এদিকে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক খারাপ পরিস্থিতির ফলে সৌদি আরবের বর্তমান বাদশার ক্ষমতাই হুমকির মুখে পড়েছে। সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশার জীবিত সন্তানদের ১২ জনের মধ্যে আট জনই বর্তমান বাদশার পরিবর্তে আহমেদ বিন আব্দুল আজিজকে ক্ষমতায় দেখতে চান। সাম্প্রতিক সময়ের অর্থনৈতিক দুশ্চিন্তার মধ্যেও ইয়েমেনে ব্যয়বহুল যুদ্ধ শুরু করা এবং হাজিদের নিরাপত্তা দিতে না পারার কারণে বর্তমান সৌদি বাদশার বিরুদ্ধে অসন্তোষ তৈরি হয়েছে। এর মধ্যেই আইএমএফ সৌদি আরবকে আগামী ৫ বছরের মধ্যে সম্পদহীন হয়ে যাওয়ার সতর্কবার্তা উল্লেখ করেছে। তাছাড়া বর্তমান বাদশা আলঝেইমার রোগে ভুগছেন বলেও খবর বেরিয়েছে। এসব প্রেক্ষিতেই তার পরিবর্তন চান তারা।
