মেডিকেলে প্রশ্ন ফাঁসের অভিযোগ ভিত্তিহীন: বিএমএ

আপডেট : ২৬ অক্টোবর ২০১৫, ০৪:১১

রোববার বাংলাদেশে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চিকিৎসকদের সংগঠন বিএমএ বলেছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ‘ভিত্তিহীন ও অমুলক’।

চলতি বছর মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে এক দল নাগরিক ‘গণতদন্ত কমিটি’ গঠন করে। ওই কমিটি গঠনের পর বিএমএ অভিযোগ তদন্তের উদ্যোগ নেয়।
 
বিএমএ’র বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত তথ্য ও প্রমাণ চাওয়া হলেও তারা তা দিতে পারেননি। এ ঘটনা পর্যালোচনা করে এটাই মনে হচ্ছে যে, মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছে, তার নৈতিক ও সুনির্দিষ্ট ভিত্তি নেই।
 
এদিকে আন্দোলনকারী শিক্ষার্থী আয়াতুল্লাহ হাসনাত বিএমএ নেতাদের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
 
তিনি সংবাদমাধ্যমকে বলেন, “বিএমএ নেতাদের সঙ্গে দুই দফা আলোচনা হয়। প্রথম দফায় তারা তদন্ত কমিটি করার কথা বলে। আমরা বলেছিলাম, কমিটিতে আমাদের প্রতিনিধি রাখার জন্য, কিন্তু তারা রাজি হননি।
 
দ্বিতীয় দফা আলোচনায় আমরা বলেছিলাম, তদন্ত কমিটিতে আমাদের প্রতিনিধি না রাখলে আমাদের কাছে থাকা তথ্য প্রমাণ দেব কি না তা তিন দিন পর জানাব। তিনদিন পর জানতে পারি, আমাদের তথ্য প্রমাণ ছাড়াই তারা তদন্ত শেষ করে ফেলেছেন।”
 
“আমরা তাদেরকে কোনো তথ্য প্রমাণ দিইনি। তাহলে প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া যায়নি বলে তারা বলেন কী করে,” সাংবাদিকদের কাছে প্রশ্ন রাখেন হাসনাত।
উল্লেখ্য, সরকারের পক্ষ থেকেও প্রশ্ন ফাঁসের অভিযোগ নাকচ করা হয়েছে।