খুলনা প্রেসক্লাবে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য

আপডেট : ২৬ অক্টোবর ২০১৫, ১১:১১
দেশের প্রথম কোনো প্রেসক্লাবে নির্মাণ করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ণাঙ্গ নান্দনিক স্মৃতি ভাস্কর্য। এ বছরের শুরুতেই উদ্যোগটি গ্রহণ করে খুলনা প্রেসক্লাব। ভাস্কর্যের ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। নভেম্বরের শেষ নাগাদ এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
 
এদিকে বঙ্গবন্ধু স্মৃতি ভাস্কর্যের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজনীতিবিদ, শিক্ষক, সরকারি পদস্থ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিশিষ্টজনেরা।
 
ভাস্কর্য নির্মাণ কমিটির আহ্বায়ক সাংবাদিক মল্লিক সুধাংশু বলেন, স্যার ইকবাল রোডে প্রেসক্লাব চত্বরের বালু-মানিক মিলনায়তনের পূর্ব পাশে এটি স্থাপন করা হবে। নির্মাণ শেষে জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর এ ভাস্কর্যটিই হবে জাতির জনকের পূর্ণাঙ্গ শৈল্পিক স্মৃতি ভাস্কর্য। আর স্থান নির্ধারণ করা হয়েছে খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী। ভাস্কর্যটি নির্মাণ করছেন শিল্পী প্রশান্ত দাশ ও শিল্পী সুকুমার বাগচী।
 
তিনি জানান, প্রেসক্লাবে নির্মিতব্য জাতির জনকের স্মৃতি ভাস্কর্যের বিভিন্ন উপাদানের মধ্যে মূল উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে মার্বেল, হোয়াইট সিমেন্ট ও এসএসডি ফরমেট রড। বেদিসহ এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় ১৫ ফুট। আশা করা হচ্ছে, গ্রে (ধূসর) রঙের ভাস্কর্যটির স্থায়িত্ব হবে প্রায় পাঁচশ’ বছর। 
 
খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায় বলেন, বাংলাদেশের কোনো প্রেসক্লাবে এখনো বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি হয়নি। খুলনা প্রেসক্লাবে এই প্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। ভাস্কর্যটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০ লাখ টাকা। নভেম্বর মাসের মধ্যে ভাস্কর্যের নির্মাণ কাজ শেষ হবে। 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাস্কর্যের উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।