নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা চরকাঁকড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুর মিয়া মিস্ত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. বাবুল (৩০), রফিক উল্যাহ (৩৫) ও জাফর (৩৬)।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, সকাল ১১টায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ নুর মিয়া মিস্ত্রী বাড়ির সৌদি প্রবাসী মো. মহসিন মিয়ার নির্মাণাধীন বিল্ডিংয়ের পরিত্যাক্ত সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য ৪জন শ্রমিক ভেতরে ঢুকেন। ট্যাংকের প্রবেশ পথ ছোট হওয়ায় ভেতরে প্রচুর গ্যাস জমে থাকে। শ্রমিকরা ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন। পরে বাড়ির লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ৪শ্রমিককে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে কর্তব্যরত চিকিৎসক ৩জনকে মৃত ঘোষণা করেন। বিষাক্ত গ্যাসে অসুস্থ অপর জাফর নামে আরো একজনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের প্রধান মো. চাঁন মিয়া সরকার জানান, বিষাক্ত মিথেন গ্যাসের কারণে এদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। নিহতদের ময়না তদন্তের জন্য নোয়াখালীতে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান সাজিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'
