কোনো ডিভোর্সি ক্যাথলিক গির্জায় ঢুকতে চাইলে, তাকে আর ‘বিশেষ অনুমতি’ নিতে হবে না। তিন সপ্তাহের রুদ্ধদ্বার বৈঠকের পর রোমান ক্যাথলিক বিশপরা সর্বসম্মতিতেই সিদ্ধান্ত নিয়েছেন।
ধর্মপ্রাণ ক্যাথলিকের একবারই বিয়ে করা উচিত আর সেই দাম্পত্যকে আজীবন টেনে নিয়ে যাওয়া উচিত বলে আর মনে করছেন না ক্যাথলিক বিশপরা।
বিশপরা সর্বসম্মতিতে এ-ও সিদ্ধান্ত নিয়েছেন, যারা সমলিঙ্গে বিয়ে করেছেন, তাদেরও যথাযথ মর্যাদা দেওয়া উচিত। এর অর্থ, ক্যাথলিকদের সমলিঙ্গে বিয়ে বা ‘গে ম্যারেজ’কেও এবার মান্যতা দিলেন বিশপরা।
তবে সমলিঙ্গে বিবাহিত ক্যাথলিকরা এবার গির্জায় ঢুকতে পারবেন কি না, সে ব্যাপারে কোনো সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি ক্যাথলিক বিশপরা।
ক্যাথলিক বিশপদের ওই সিদ্ধান্তগুলো নিয়ে নতুন ডকুমেন্ট বানানো হয়েছে। আর, সুপারিশ হিসেবে সেই ডকুমেন্ট পাঠানো হয়েছে পোপ ফ্রান্সিসের কাছে।
কিছুদিন ধরেই ক্যাথলিক গির্জাগুলো রক্ষণশীলতার খোলস ছেড়ে বেরিয়ে আসার ইঙ্গিত বহন করছিল। ‘নতুন হাওয়া’য় ক্যাথলিক গির্জাগুলোর অনেক পুরোনো নিষেধাজ্ঞাই উঠে যাচ্ছে। শিথিল হচ্ছে নিয়মকানুনের কড়াকড়ি। ক্যাথলিক বিশপদের নতুন ডকুমেন্ট সেই হাওয়াকে আরো জোরালো করে তুলল।
-এনডিটিভি, ডেইলি মেইল
