কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের আদেশ স্থগিত চেয়ে ইসির আবেদন

আপডেট : ২৬ অক্টোবর ২০১৫, ১৭:০৯
 
 
টাঙ্গাইল-৪ আসনের উপ নির্বাচনে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে হাই কোর্টের দেয়া আদেশ স্থগিতের আবেদন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের প্যানেল আইনজীবী ব্যারিস্টার মো. ইয়াসিন খান সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন।
 
পরে ইয়াসিন খান সাংবাদিক বলেন, ‘মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে।’
 
আগামী ১০ নভেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনে কাদের সিদ্দিকীর প্রার্থিতা ইসি খেলাপি ঋণের কারণে বাতিল করলেও হাই কোর্টের আদেশে ২২ অক্টোবর সব প্রার্থীদের সঙ্গে তাকেও প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। ওই দিনই ইসির প্যানেল আইনজীবী মোহাম্মদ ইয়াসিন খান বলেন, হাই কোর্টের ২১ অক্টোবরের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন তারা।
 

কাদের সিদ্দিকীর প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ‘ঋণ খেলাপ করেছে’ যুক্তি দেখিয়ে গত ১৩ অক্টোবর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে তা ১৮ অক্টোবর খারিজ হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে তিনি ২০ অক্টোবর হাই কোর্টে রিট আবেদন করেন। ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে পরদিন আদালত কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশসহ রুল দেয়।