আগামী বুধবারের মধ্যে হাজিদের সৌদি আরব ত্যাগের আল্টিমেটাম দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে কোনো হজ পরিষেবা কোম্পানি যাত্রীদের পাঠাতে ব্যর্থ হলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হজযাত্রী পাঠাতে দেরি হওয়ার কারণ না জানাতে পারলে জরিমানা করা হবে ১ লাখ রিয়াল।
সৌদি অভিবাসন অধিদপ্তরের বরাত দিয়ে সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, কোনো হজযাত্রী ভিসার মেয়াদ পার হওয়ার পরও অবস্থান করলে তাদের সংখ্যা অনুযায়ী এ জরিমানার পরিমাণ আরো বৃদ্ধি করা হবে।
অভিবাসন অধিদপ্তর ইতোমধ্যেই সতর্ক করে জানিয়েছে, নিরাপত্তা সংস্থার সহায়তায় এসব হজযাত্রীদের সমস্ত তথ্য, ফ্রিঙ্গার প্রিন্ট এবং স্ক্যানিং সংগ্রহ করে তদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব কোম্পানি বারবার নিয়ম লঙ্ঘন করলে ২৫ হাজার থেকে ১ লাখ রিয়েল বা এর চেয়েও বেশি জরিমানা করা হবে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে মদিনায় প্রস্থানের জায়গায় হজযাত্রীদের বিশাল ভিড়ের সৃষ্টি হয়েছে। হজ মন্ত্রণালয়ের মদিনা অফিসের তথ্য অনুযায়ী ৫ লাখ ২৫ হাজার ৪৮৩ জন হজযাত্রীর আকাশ পথে অথবা সড়ক পথে দেশে ফিরতে অনেক দেরি হয়েছে।
এছাড়া মদিনার আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ৩ লাখ ২২ হাজার ৬৬১ জনেরও বেশি হজযাত্রী প্রস্থান করেছে এবং সড়ক পথসহ অন্যান্য বহির্গমন পথ দিয়ে প্রস্থান করেছে ৩৫ হাজহার ৩২২ হজযাত্রী। হজযাত্রীদের আগমন ও প্রস্থানের জন্য মদিনা এবং জেদ্দা বিমানবন্দর ছাড়াও বেশ কয়েকটি করিডোর খুলেছে সৌদি আরব।
হজ মন্ত্রণালয়ের মদিনা অফিসের পরিচালক মোহাম্মাদ আল বিজাবি বলেন, হজযাত্রীদের চলে যাওয়ার জন্য বেঁধে দেয়া সময়সীমার মধ্যে স্বস্ব দেশে ফেরত পাঠানোর জন্য মদিনা অফিস নিয়মিত কাজ করে যাচ্ছে।
