পরিবেশের জন্য ক্ষতিকারক গ্যাস নির্গমন নিয়ে প্রতারণার ব্যাপারে কিছুই না জানার দাবি করেছেন অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ফোকসভাগেনের বোর্ড অফ ডিরেক্টর্সের তিন সদস্য। সম্প্রতি এক বিবৃতিতে ওই দাবি করেন তারা। এক প্রতিবেদনে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ফোকসভাগেন ওই প্রতারণার খবর সর্বপ্রথম ফাঁস করেছিল যুক্তরাষ্ট্রের ‘এনভায়রনমেনটাল প্রটেকশন এজেন্সি’।
বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির পরিচালনা কাঠামোতে যে ত্রুটি ছিল তা বোর্ড সদস্যদের বিবৃতিতেই পরিষ্কার হয়ে গেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ওই ঘটনাটি জনসাধারণের সামনে ফাঁস হবার পর ১৮ সেপ্টেম্বর থেকে শেয়ার বাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমে এক তৃতীয়াংশে নেমে এসেছে।
ফোকসভাগেন অবশ্য স্বীকার করেছে তাদের কিছু সংখ্যক গাড়ির পরিবেশ দূষণের বিষয়টি ইচ্ছাকৃতভাবে সফটওয়্যারের মাধ্যমে লুকানো হয়েছিল। আর সফটওয়্যারে চিহ্নিত না হওয়ায় গাড়িগুলো সহজে বাজারে চলে এসেছিল। ত্রুটিযুক্ত ওই গাড়িগুলোতে দূষিত নাইট্রোজেন অক্সাইড নির্গত হচ্ছিল বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
‘এমিশন কেলেঙ্কারি’র কারণে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্টিন উইন্টারকর্নকে বরখাস্ত করা হয়েছে। যদিও এ বিষয়ে কিছুই জানতেন বলে দাবি করেছিলেন তিনি। বোর্ডমেম্বারদের সাম্প্রতিক বিবৃতি নিয়ে ফোকসভাগেনের মুখপাত্র মন্তব্য প্রকাশে রাজি হয়নি বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। বিডি নিউজ।
