ঘরোয়াভাবেই পালিত রিয়াজের জন্মদিন

আপডেট : ২৬ অক্টোবর ২০১৫, ২২:১০
 
‘ঘরোয়াভাবেই পালন করা হবে রিয়াজের জন্মদিন। বিশেষ কোন অনুষ্ঠান থাকছে না। আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ। কারণ আজ রিয়াজের জন্মদিনে যেভাবে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। তা সত্যিই অবাক করার মত’। এভাবেই বলছিলেন রিয়াজের স্ত্রী মাশফিকা তিনা।
 
গত ১৯ অক্টোবর মেহের আফরোজ শাওনের পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন রিয়াজ। এরপর হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার জানান, তার হৃদযন্ত্রের ধমনীতে ব্লক ধরা পড়েছে। তারপর অস্ত্রোপচার করা হয়। গত শনিবার তিনি বাসায় ফিরেছেন।
 
আজ ২৬ অক্টোবর। তার ৪৩তম জন্মদিন। ১৯৭২ সালে ফরিদপুর জেলা সদরের কমলাপুর মহল্লায় তার জন্ম। ছেলেবেলা কেটেছে ফরিদপুর শহরের সিএনবি স্টাফ কোয়ার্টারে। বাবা জাইনুদ্দিন আহমেদ সিদ্দিক ছিলেন সরকারি কর্মকর্তা, মা আরজুমান্দ আরা বেগম গৃহিণী। ৭ ভাই-বোনের মধ্যে রিয়াজ সবার ছোট। এ ছাড়া জনপ্রিয় অভিনেত্রী ববিতা তার চাচাতো বোন।
 
রিয়াজ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘বাংলার নায়ক’ ১৯৯৫ সালে মুক্তি পায়। এরপরের বছর খ্যাতনামা চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাসের ‘অজান্তে’ ও মোহাম্মদ হোসেনের ‘প্রিয়জন’-এ অভিনয় করেন। শাবনূর ও পূর্ণিমার সঙ্গে জুটি বেঁধে সাফল্য পেয়েছেন রিয়াজ। ‘মন মানে না’, ‘ভালোবাসি তোমাকে’, ‘প্রেমের তাজমহল’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘হৃদয়ের বন্ধন’ ও ‘মোল্লা বাড়ীর বউ’ ‘দুই দুয়ারী’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ও ‘হৃদয়ের কথা’, ‘মনের মাঝে তুমি’, ‘হাজার বছর ধরে’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘প্রেমের তাজমহল’সহ অসংখ্য জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন। প্রিয়.কম।