ভারত, পাকিস্তান, আফগানিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পাকিস্তানে ২৫৩ জন ও আফগানিস্তানে ৮২ জন মারা গেছে। আহত হয়েছে হাজারের অধিক লোক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার বিকেলে এ ছয় দেশের বিস্তৃত এলাকাজুড়ে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়েছে।
স্থানীয় সময় বিকেল ৩টা ৯ মিনিটে আফগানিস্তানের উত্তরাঞ্চলের ফয়জাবাদ শহর থেকে ৭৩ কিলোমিটার উত্তরে হিন্দু কুশ পর্বত এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ২১৩ কিলোমিটার গভীরে। এটি প্রায় ৪০ সেকেন্ড স্থায়ী ছিল। এ ভূমিকম্পের পর ৪.৮ মাত্রার একটি পরাঘাতও অনুভূত হয় আফগানিস্তানে।
অবশ্য, ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৭ বলে জানালেও পাকিস্তানের ভূতত্ত্ব জরিপ কেন্দ্র বলছে, ইসলামাবাদে ৮ দশমিক ১ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। এ বিষয়ে প্রথম দিকে আলাদা খবর দেয় ভারতীয় ও আফগান সংবাদমাধ্যম।IMG0
পাকিস্তানি সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পে দেশটিতে কমপক্ষে ২০০ মানুষ নিহত হয়েছে। এরমধ্যে পেশোয়ার শহরসহ খাইবার পাখতুনখওয়া প্রদেশ এবং কেন্দ্রশাসিত উপজাতীয় এলাকাগুলোতে (ফাটা) নিহত হয়েছে ১২৩ জন। পাঞ্জাবে মৃত্যু হয়েছে পাঁচজনের। আজাদ কাশ্মীরে নিহত হয়েছে একজন। আর তিনজনের মৃত্যু হয়েছে গিলজিত বালতিস্তানে। এছাড়া, আহত হয়েছে কমপক্ষে এক হাজার লোক। হতাহতের ঘটনা ঘটেছে ছাদ, ভবন ও ভূমিধসের কারণে। কিছু লোক হতাহত হয়েছে হুড়োহুড়ি করতে গিয়ে। পদদলিত হয়েও আহত হয়েছে।
