টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন।
একইসঙ্গে এই উপনির্বাচনে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের করা আবেদন শুনানির জন্য সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে।
আগামী ২ নভেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কাদের সিদ্দিকীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী।
সোমবার বিকালে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ স্থগিত চেয়ে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, আগামী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
