বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘দুজন বিদেশি নাগরিক হত্যা হয়েছে। আমি কূটনীতিকদের এ বিষয়ে অতি রিঅ্যাকশন দেখাতে না করেছি। কারণ, এতে দুষ্কৃতকারীরা উত্সাহিত হয়। তারা মনে করে, বিদেশি মারলে বেশি খবর প্রকাশিত হয়।’
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নবনিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইয়াসোজা গুনাসেকারার সঙ্গে বৈঠকের পরে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘আইএস বলে কিছু নেই। কাজগুলো করেছে জামাত-শিবিরের লোক।’ তিনি বলেন, ‘আন্দোলন ও জঙ্গি হামলা চালিয়ে কিছু করতে না পেরে তারা বিদেশি নাগরিকদের হত্যা করেছে। ইতালি ও জাপানের নাগরিককে হত্যা, তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বোমা হামলা এগুলো একসূত্রেই গাঁথা।’
