যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে বিএসএফের গুলিতে মনিরুল ইসলাম (৩৮) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে তার লাশ ভারতের উত্তর ২৪ পরগনা জেলার গাইগাটা থানা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। মনিরুল শার্শা উপজেলার বালুন্ডা রাজাপুর গ্রামের মনসুর আলীর ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, সোমবার রাতে সাত-আট জনের একটি দল গরু আনতে ভারতের যায়। গরু নিয়ে মঙ্গলবার ভোরে বাংলাদেশে ফেরার পথে বিএসএফ সদস্যরা মনিরুলকে গুলি করে হত্যা করে। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হন।
২৩ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আব্দুর রহিম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। নিহতের লাশ ফেরত চেয়ে বিএসএফ বরাবর পত্র পাঠানো হয়েছে।
