ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নেসলে ভারতের বাজারে ফের ম্যাগি নুডুলস বিক্রি করার পরিকল্পনা করছে। সুইজারল্যান্ডের কোম্পানিটির আশা, আগামী নভেম্বর থেকে ভারতের দোকানগুলোতে ম্যাগি পাওয়া যাবে।
মাত্রাতিরিক্ত সীসা থাকার অভিযোগে গত মে মাসে ভারতের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ ম্যাগি নুডুলসের উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করেছিল। তখন দেশটিতে অন্তত ৪০ কোটি প্যাকেট ম্যাগি ধ্বংস করে নেসলে।
গত আগস্টে অবশ্য মুম্বাই হাইকোর্ট এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। ভারতের বাজারে ম্যাগি বিক্রির পরিমাণ মারাত্মকভাবে কমে যাওয়ায় ২০১৫ সালে নেসলে তার বৈশ্বিক বিক্রির লক্ষ্যমাত্রা কাটছাঁট করতে বাধ্য হয়। ভারতে অত্যন্ত জনপ্রিয় এই নুডুলসটি পরীক্ষার পর মাত্রাতিরিক্ত পরিমাণে ক্ষতিকর সীসা ও মনো-সোডিয়াম গ্লুটামেট পাওয়া যাওয়ার পর ম্যাগির বিক্রিতে ধ্বস নামে।
১৯৮৩ সাল থেকে ভারতের বাজারে নুডুলস বিক্রি করছে নেসলে। দেশটির আনাচে-কানাচে পাওয়া যায় এই নুডুলস। ভারতে বিক্রি হওয়া নুডুলসের ৮০ শতাংশই ছিল ম্যাগি ব্র্যান্ডের। সূত্র: বিবিসি
